যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে একটি ‘ভালো চুক্তিতে’ পৌঁছানোর জন্য এটিই তেহরানের শেষ সুযোগ বলেও সতর্ক করেছেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ইরানের অনুরোধেই এই আলোচনা চলছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বিশেষভাবে কাতারের সমর্থন রয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ এ বিষয়ে যোগাযোগ করেছে।
তিনি বলেন, “আমরা এখনই ইরানের সঙ্গে আলোচনা করছি। এটি ইরানের অনুরোধে হচ্ছে এবং সৌদি আরব, ইউএই ও বিশেষ করে কাতারের সমর্থন রয়েছে। আরও অনেক দেশ যোগাযোগ করেছে। কিন্তু যদি সমঝোতা না হয়, তাহলে একটি ভালো চুক্তিতে সই করার জন্য এটিই তাদের শেষ সুযোগ।”
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান ফি আরোপ করতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তা হতে দেবে না।
তিনি বলেন, “হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। আমি ইরানকে কোনো ধরনের ফি আদায় করতে দেব না।”
এ সময় তিনি আরও দাবি করেন, “যদি কেউ কোনো ফি আদায় করে, তাহলে সেটি আমরা করবো। কারণ পুরো পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।”
সূত্র: আল-জাজিরা
-টিএস