ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
X

পঞ্চগড়ে বিভিন্ন খাতে কর্মরত নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতায় সরকার পাশে থাকবে। তিনি সাপ্তাহিক ছুটির দিন নির্ধারিত স্থানে নারী উদ্যোক্তাদের পণ্যের অনলাইন ও অফলাইন প্রদর্শনী এবং বিক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডধারীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং হস্তশিল্প খাতে সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তারা যাতে ব্যবসা থেকে হারিয়ে না যান, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান। পঞ্চগড়ে পর্যটন বিকাশে রিসোর্ট নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পর্যটক বাড়লে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বাজারও সম্প্রসারিত হবে।

সভায় নারী উদ্যোক্তারা জানান, স্বল্প পুঁজি নিয়ে তারা বিভিন্ন ধরনের হস্তশিল্প, বুটিক, সেলাই ও হাতে তৈরি পণ্য উৎপাদন করলেও স্থায়ী মার্কেটপ্লেসের অভাবে সেগুলো বাজারজাত করতে পারছেন না। এছাড়া পারিবারিক ও ব্যাংকিং খাত থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা না পাওয়ায় ব্যবসা সম্প্রসারণে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। প্রশাসনিক ও আর্থিক সহায়তা পেলে তারা আরও বড় পরিসরে ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় ঐক্যবন্ধ নারী উদ্যোক্তা পরিষদের পক্ষে উদ্যোক্তা আফরোজা রুবা পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, নারী উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা হবে। তিনি পণ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানসম্মত পণ্যই বাজারে স্থায়ী পরিচিতি ও ক্রেতার আস্থা তৈরি করে।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তারা সাহসিকতার সঙ্গে ব্যবসায় এগিয়ে এসেছেন, যা অন্য নারীদেরও অনুপ্রাণিত করবে।

সভায় পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তারা অংশ নেন।

এ সময় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তারা।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝