ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রপতি পদে কে আসছেন? জোর আলোচনায় মির্জা ফখরুল, মেজর হাফিজ
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম
X
Advertisement

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। ক্ষমতাসীন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত দল আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি। তবে রাষ্ট্রপতি পদে দলীয় জ্যেষ্ঠ নেতা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজের নামও রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে।

২৪ জুলাই বিকেলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। সে হিসেবে আগামী ২৪ অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। এতে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির ভেতরে যাদের নাম আলোচনায়

দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই কাউকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানের নাম আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রগুলোর দাবি, শারীরিক সক্ষমতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় এনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ধীরে ধীরে সংক্ষিপ্ত করা হচ্ছে।

আলোচনায় এগিয়ে মির্জা ফখরুল

সাম্প্রতিক সময়ে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপির একটি অংশ মনে করছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব এবং দলীয় গ্রহণযোগ্যতার কারণে তিনি রাষ্ট্রপতি পদের জন্য শক্তিশালী প্রার্থী হতে পারেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সেরা প্রার্থী’ বলে মন্তব্য করেন। তিনি লেখেন, শেখ হাসিনার শাসনামলে দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়া, ব্যক্তিগত ত্যাগ এবং রাজনৈতিক পরিমিতিবোধের কারণে মির্জা ফখরুল এ পদের যোগ্য।

যা বলছেন বিএনপি নেতারা


রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ডেইলি অবজারভারকে বলেন, "রাষ্ট্রপতি কে হবেন, তা এখনই বলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী ও দলের নীতিনির্ধারণী ফোরাম পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ডেইলি অবজারভারকে বলেন, ‘রাষ্ট্রপতি পদে এমন একজনকে আনা উচিত, যিনি দীর্ঘদিন ধরে পরীক্ষিত, দলের সংকটে বিশ্বস্ত এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের প্রতি অনুগত।’

অন্যদিকে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ডেইলি অবজারভারকে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে প্রক্রিয়াধীন। গঠনতন্ত্র ও আইন অনুযায়ী যথাসময়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।’

চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে বিস্তারিত আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির পদ সাংবিধানিকভাবে অনেকাংশে আনুষ্ঠানিক হলেও রাজনৈতিক সংকট বা নির্বাচনকালীন সময়ে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। ফলে দলীয় আনুগত্য, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংবিধানিক দক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা—সব বিষয় বিবেচনায় নিয়েই ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।

’মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়মে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement