দেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনাকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা চললেও, ভারতের লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে এ বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে অবহিত করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উপস্থাপিত ওই প্রতিবেদনে বলা হয়, মানবিক বিবেচনা ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দেয় না। সেই নীতির আওতায় শেখ হাসিনাকেও ভারতীয় ভূখণ্ড বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
এদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়েও প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। জানানো হয়েছে, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে প্রত্যর্পণের আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
-টিএস