আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত ও ভোরে চালানো এসব হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আফগান বার্তাসংস্থা খ্যামা প্রেস জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীদের উপস্থিতি নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা ঘটল। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত আড়াইটার দিকে কুনার প্রদেশের নুরগাল জেলায় পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। সেখানকার পাটান গ্রামের একটি বাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর প্রায় দেড় ঘণ্টা পর ভোর ৪টার দিকে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। তালেবান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, তোর কান্দি এলাকায় একটি পরিত্যক্ত দোকান এবং রাখায় একটি পরিত্যক্ত বাড়ি হামলায় ধ্বংস হয়েছে। তবে এসব স্থানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সোমবার সকাল পর্যন্ত এসব বিমান হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রাণঘাতী হামলা বেড়ে যাওয়ার পর সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে পাকিস্তান। এর মধ্যেই এসব হামলা চালানো হলো।
পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তথা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামক জঙ্গিগোষ্ঠীটি আফগানিস্তানের ভেতরে থাকা নিরাপদ আস্তানা থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তবে তালেবান বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।