দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া শোকের পুরো সময়জুড়ে আমিরাতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে শেখ মোহাম্মদ বিন রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাঁর জন্য আল্লাহর রহমত কামনা করেন। তিনি আহমেদকে স্মরণ করে বলেন, দৃষ্টির আড়ালে চলে গেলেও তিনি দোয়া ও হৃদয় থেকে কখনো দূরে যাবেন না।
শেখ মোহাম্মদ বর্তমানে দুবাইয়ের শাসক হিসেবে আমিরাতের নির্বাহী কাঠামোর শীর্ষে রয়েছেন। দুবাইয়ের সরকারি তথ্য অনুযায়ী, তাঁর ছেলে শেখ মাকতুম বিন মোহাম্মদ ২০২৩ সালে দুবাইয়ের প্রথম উপশাসক এবং শেখ আহমেদ বিন মোহাম্মদ দ্বিতীয় উপশাসক হিসেবে নিযুক্ত হন।
শেখ আহমেদের মৃত্যুতে তাই শুধু একটি পরিবারের সদস্যের বিদায় নয়, দুবাইয়ের প্রভাবশালী আল মাকতুম পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুর ঘটনাও সামনে এলো।
এফএস