ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ২৮ জঙ্গি নিহতের দাবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ৭:২৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাকিস্তান-লাগোয়া আফগানিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে হত্যা করার দাবি করেছে পাকিস্তান। সোমবার আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশকে লক্ষ্য করে এই জোড়া হামলা চালানো হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে সীমান্ত এলাকার গত প্রায় তিন মাসের থমথমে শান্তি আবারও ভঙ্গ হলো।

তবে পাকিস্তানের পক্ষ থেকে বহু জঙ্গি নিহতের দাবি করা হলেও, হতাহতের ভিন্ন তথ্য দিয়েছে আফগান তালেবান কর্তৃপক্ষ। আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, রাতভর চালানো এই বিমান হামলায় কুনার প্রদেশের একটি বাড়িতে আঘাত হানলে একই পরিবারের অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হন। পাশাপাশি পাকতিকা প্রদেশের দুটি স্থানে বোমাবর্ষণে একটি দোকান ও খালি বাড়ি ধ্বংস হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বোমার বিকট শব্দে সীমান্তঘেঁষা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

এই হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক হুঁশিয়ারিতে বলেছেন, পাকিস্তানের এই বেআইনি আগ্রাসনের যথাযথ জবাব দেবে আফগান বাহিনী।

মূলত পাকিস্তানে সাম্প্রতিক দুটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পরই আফগানিস্তানে এই পাল্টা পদক্ষেপ নেয় ইসলামাবাদ। গত শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কোহাত জেলায় একটি পুলিশ ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৪ জন নিহত হন। এছাড়া গত রোববার আফগান সীমান্তঘেঁষা হাঙ্গু জেলায় সামরিক বাহিনীর সাথে পৃথক এক বন্দুকযুদ্ধে পাকিস্তানের ৬ সৈন্য এবং ৮ বিদ্রোহী নিহত হন।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কাবুল পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ক্রমাগত সন্ত্রাসী হামলা চালাচ্ছে। অন্যদিকে, তালেবান সরকার এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করে দাবি করেছে যে, জঙ্গিবাদ সম্পূর্ণরূপে পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সংকট।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকেই সাবেক দুই মিত্র দেশের এই রাজনৈতিক বিরোধ সামরিক সংঘাতে রূপ নেয়। চলতি বছরের প্রথমার্ধে টানা বিমান হামলা, ড্রোন হামলা ও কামানের গোলায় ইতিমধ্যেই শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবারের এই নতুন হামলার পর সীমান্তে আবারও পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স।
এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement