কক্সবাজারের রামুতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক মিনি পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রামু-মরিচ্যা সড়কের উপজেলার সদরের হাজারীকূল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে যানবাহনে করে অস্ত্রের একটি চালান পাচারের খবর পেয়ে অভিযান শুরু করা হয়। পরে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কচ্ছপিয়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি বসায় পুলিশ।
একপর্যায়ে নাইক্ষ্যংছড়ি দিক থেকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে উপজেলার সদরের হাজারীকূল এলাকায় সেটি আটক করতে সক্ষম হয়।
ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পিকআপটি তল্লাশি করে চালকের আসনের পাশের পাদানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মোহাম্মদ সোহেলকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসইউ/আরএন