চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় হাটহাজারী বাসস্ট্যান্ড ও কাচারী সড়কের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
তিনি জানান, হাটহাজারী বাসস্ট্যান্ড ও কাচারী সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ব্যবহার, ফার্মাসিস্ট লাইসেন্স না রাখা, নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওটিসি (OTC) বহির্ভূত ওষুধ বিক্রি, ওষুধ বিষয়ে মিথ্যা নিশ্চয়তা প্রদান এবং রেফ্রিজারেটরে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ফেরদৌস ফার্মেসি, মেসার্স আল মক্কা ফার্মেসি, মেসার্স নিউ খাজা ফার্মেসি, মেসার্স আল মদিনা ফার্মেসি, আল রহমান ফার্মেসি, মায়া ফার্মেসি ও আল আমিন ড্রাগ হাউসকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
ইউএন/আরএন