ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সমতার ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:২৪ পিএম
X

পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। 

বুধবার ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত—এ বিষয়ে আমরা উভয়েই একমত হয়েছি।’

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। তাই কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। বরং সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েই মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কিছু ‘অস্বস্তিকর বিষয়’ রয়েছে, যেগুলো নিরসন করা জরুরি। এসব বিষয় নিয়ে উভয় পক্ষই অবগত এবং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে উঠেছিল কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি। আগামী দিনে দুই দেশের সব বিষয় নিয়েই আলোচনা হবে।

ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সামনে আরও কয়েকটি বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দেওয়ার বিষয় রয়েছে। তাই সব কর্মসূচি সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন, উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে, আগামী দিনে ঢাকা ও নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি হবে একটি অনুসন্ধানমূলক সফর। বাংলাদেশ ও দেশের অগ্রাধিকার বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতেই তিনি আসছেন।

তিনি বলেন, সার্জিও গর সরকারের পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গেও কথা বলবেন। সফরে তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় আন্তর্জাতিক সহায়তাদাতা বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে ‘বহুমাত্রিক’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশই এই অংশীদারত্ব আরও এগিয়ে নিতে আগ্রহী।

বাংলাদেশ কোনো ধরনের চাপের মধ্যে রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না।’

চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের কূটনীতিকে ‘জিরো-সাম গেম’ হিসেবে দেখা ঠিক নয়। একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া নয়।

তিনি বলেন, জাতীয় স্বার্থ ও অগ্রগতিকে সামনে রেখে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে সফল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরের ক্ষেত্রেও বাংলাদেশ একই ধরনের ইতিবাচক ফল প্রত্যাশা করে।

এদিকে, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ‘খুবই ভালো’ হয়েছে। পারস্পরিক স্বার্থ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

তিনি বলেন, সংস্কৃতি, সংগীত ও ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বেশি সম্পৃক্ততা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝