ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর এবার আনুষ্ঠানিকভাবেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী এই ফুটবলার জানান, ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামবেন না।
নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি নেইমার। বিশ্বকাপ শেষে কান্নায় ভেঙে পড়া এই তারকার সেই ম্যাচটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকার শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।
এদিকে সম্প্রতি সতীর্থদের অপমান করার অভিযোগও নাকচ করেছেন নেইমার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘সম্পূর্ণ মনগড়া’ দাবি করে তিনি বলেন, ম্যাচের পর তিনি শুধু দলের আরও ভালো খেলার প্রয়োজনীয়তার কথাই বলেছেন। অধিনায়ক হিসেবে এমন বার্তা দেওয়া নিজের দায়িত্ব বলেও উল্লেখ করেন ব্রাজিলিয়ান এই তারকা।
আরএন