পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বুধবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
সিআইডি জানায়, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোশাররফ হোছাইন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা এবং সিআইডির বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি ফরেনসিক, অপরাধ তদন্ত ও আধুনিক পুলিশিং বিষয়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা জানান। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে সিআইডির তদন্ত সক্ষমতা ও অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে।
এসআর