ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বোন হারানো তাহসিনের মুখে হাসি ফুটালেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম
X

উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বড় বোনকে হারানো কিশোর তাহসিন আব্দুল্লাহর মুখে হাসি ফুটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবির সূত্র ধরে প্রধানমন্ত্রী তাহসিনের বিষয়ে জানতে পারেন এবং তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে গ্যালারিতে বসে থাকা হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের উচ্ছ্বসিত হাসি এবং প্রধানমন্ত্রীর দিকে বাড়িয়ে দেওয়া দুই হাতের একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়, ওই কিশোরই তাহসিন, যে মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় তার বড় বোন তাসমিয়াকে হারিয়েছে।

রুমন বলেন, সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন তাহসিন ও তার বাবাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। সেখানে প্রধানমন্ত্রী তাহসিনের সঙ্গে কিছু সময় কাটান এবং তার পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনকে একটি ড্রোন সেট, একটি বাস্কেটবল এবং নিজের স্বাক্ষর করা একটি ফুটবল উপহার দেন। উপহার পেয়ে তাহসিন বাস্কেটবলে প্রধানমন্ত্রীর অটোগ্রাফও নেয়।

আলাপচারিতায় তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে। তার স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং নিষ্ঠার সঙ্গে লক্ষ্য অর্জনের পরামর্শ দেন।

তাহসিনের বাবা নাজমুল হক জানান, ২০২৫ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার সময় তার দুই সন্তান দুটি ভিন্ন ভবনে ছিল। যুদ্ধবিমানটি বড় মেয়ে তাসমিয়ার ভবনে আঘাত হানে। বিস্ফোরণের শব্দ শুনে তাহসিন বোনকে খুঁজতে ছুটে যায় এবং তার জন্য স্যালাইন ও পানি নিয়ে অপেক্ষা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে আর বোনকে ফিরে পায়নি।

বোনকে হারানোর পর থেকে তাহসিন আগের মতো প্রাণখোলা হাসত না বলেও জানান তিনি।

সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত তাহসিন বলে, “আজ আমার জন্য খুবই আনন্দের দিন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে, তা আমি কখনো কল্পনাও করিনি। তিনি আমার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো কথা বলেছেন। আমি মোটেও নার্ভাস ছিলাম না।”

সে আরও জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখার সুযোগ পেয়েছে এবং বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তুলেছে।

এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

জেবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝