জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে ফৌজদারি মামলা করার চ্যালেঞ্জ ছুড়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ খুঁজে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের সমালোচনা করে ইশরাক লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে শূন্য শতাংশ কথা বলে ১০০ শতাংশ আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিলেন তিনি। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি।’
তিনি আরও লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? এরপর আমারে ফাঁসিতে ঝুলাইতি। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
পোস্টে নাম উল্লেখ না করে আরেক ব্যক্তির প্রসঙ্গও টানেন ইশরাক। তাঁর ভাষ্য, ওই ব্যক্তি ফোন করে মাদকবিরোধী অভিযানে তাঁকে সঙ্গে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এ প্রসঙ্গে ইশরাক লেখেন, ‘কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল, ভাই এরপর গেলে আমাকে নিয়েন। এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।’
তিনি দাবি করেন, মাদক নির্মূলের উদ্যোগ নিতে গিয়ে আইনপ্রণেতা হিসেবে বৈধ উপায়ে এবং পুলিশের উপস্থিতিতে অভিযান চালানোর পরও ফৌজদারি মামলার মুখোমুখি হতে হলে তা উদ্বেগজনক। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেন।
নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক আরও লেখেন, ‘নাহিদকে বলবো, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা।’
রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এভাবে রাজনীতি চলতে থাকলে কোনো পরিবর্তন আসবে না।
মাদক নির্মূলের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার। বিক্রেতারা অপেক্ষা কর।’
তবে মাদকবিরোধী অভিযানে তাঁর কথিত উদ্যোগ, এ-সংক্রান্ত আইনি অভিযোগ কিংবা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য ওই পোস্টে উল্লেখ করেননি তিনি।
-টিএস