অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত হাড়ের ক্ষয়জনিত রোগ প্রতিরোধবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. শেখ ফরহাদ এবং আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।
অস্টিওপোরোসিস এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, হাড়ের সুস্থতা রক্ষা এবং প্রতিরোধের উপায় তুলে ধরতেই প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়।
এফএস