চার দশকেরও বেশি সময় আগে লেখা কালজয়ী গান ‘আজ কেন মন উদাসী হয়ে’ নতুন করে আলোচনায় এসেছে সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি নাচের ভিডিওকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হলে এর প্রতিবাদ জানিয়েছেন গানটির গীতিকার ও সুরকার আশরাফ বাবু।
আশরাফ বাবু জানান, গানটির জন্ম আশির দশকের শুরুতে এক বৃষ্টিভেজা বিকেলে। তখন তিনি নিয়মিত গান লিখতেন না। ছোট একটি প্যাডে কিংবা সিগারেটের প্যাকেট, কাগজের টুকরোর মতো যেকোনো জায়গায় মনে আসা লাইন লিখে রাখতেন।
একদিন শিল্পী আলী আহমেদ বাবু তার কাছে কয়েকটি গান চান। আগে লেখা তিনটি গান পছন্দ হওয়ার পর আরও একটি গান লিখতে বলেন। সেই ডাকে সাড়া দিতে হেঁটে যাওয়ার সময় বৃষ্টির মধ্যে তার মনে আসে নতুন একটি গানের ভাবনা। পুরো পথেই তিনি লিখে ফেলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানটি।
তিনি বলেন, গানটির সুরও তার নিজের ভাবনা থেকেই এসেছে। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই টেবিলে তাল দিয়ে আলী আহমেদ বাবুকে গানটি শোনান। পরে রেকর্ডিংয়ের সময় কোরাস অংশ যোগ করার ভাবনাও তারই ছিল, যা গানটিকে আলাদা মাত্রা দেয়।
আশরাফ বাবুর ভাষ্য, অ্যালবাম প্রকাশের পর বিভিন্ন স্টেজ শোতে গানটি দর্শকদের দারুণ সাড়া পায়। খুলনার একটি কনসার্টে গানটি পরিবেশনের পর দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখে তারা বুঝতে পারেন, গানটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
গানটির সবচেয়ে প্রিয় অংশ হিসেবে তিনি উল্লেখ করেন- ‘কবিতার বই সবে খুলেছি/ হিমেল হাওয়ায় মন ভিজেছে/ জানালার পাশে চাপা মাধবী/ বাগান বিলাসী হেনা দুলেছে।
এত বছর পরও নতুন প্রজন্মের কাছে গানটির জনপ্রিয়তায় আনন্দ প্রকাশ করলেও একটি আক্ষেপের কথাও জানান তিনি। তার অভিযোগ, গানটি পরিবেশন বা কাভার করার সময় অনেক শিল্পী গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করেন না। এমনকি তার নাম অনেকেই জানেন না। তার মতে, একটি গান জনপ্রিয় হওয়ার পর শিল্পীরা প্রায়ই সৃষ্টিকারীদের যথাযথ স্বীকৃতি দিতে ভুলে যান।
সম্প্রতি প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের নাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে আশরাফ বাবু স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেন, একজন শিক্ষক গান উপভোগ করে নাচলে সেটিকে অশোভন হিসেবে দেখার কোনো কারণ নেই। গানটিতে অশালীন কিছু নেই, তাই একজন শিক্ষিকার নাচকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ বা অবমাননাকর মন্তব্য করা সমর্থনযোগ্য নয়।
তার মতে, একজন নারী হওয়ায় বিউটি পালের প্রতি অতিরিক্ত কটূক্তি করা হয়েছে। এমন মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, শিল্প-সংস্কৃতিকে ইতিবাচকভাবে দেখার মানসিকতা সমাজে আরও বাড়ানো প্রয়োজন।
-টিএস