বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে জনপ্রিয়তার দৌড়ে দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবার সেই রাজত্বও ধরে রাখতে পারলেন না তিনি। ফেসবুক অনুসারীর সংখ্যায় সাকিবকে টপকে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে সাকিবকে পেছনে ফেলেছেন পরীমনি।
এর মধ্য দিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর মালিক এখন পরীমনি। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে থাকা সাকিবকে এবার ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী।
অবশ্য জনপ্রিয়তার এই লড়াইয়ে দুজনের ব্যবধান সবসময় এতটা বেশি ছিল না। গত বছরও সাকিব ও পরীমনির অনুসারীর সংখ্যা ছিল প্রায় কাছাকাছি। পরে কিছু সময়ের জন্য সাকিব আবারও এগিয়ে যান। তবে সর্বশেষ পরিসংখ্যানে সেই ব্যবধান ঘুচিয়ে সাকিবকে টপকে গেছেন পরীমনি।
ফেসবুকে দুই তারকার কার্যক্রমেও রয়েছে বেশ পার্থক্য। সাকিব আল হাসানের পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের পেজ।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তার তালিকায় রয়েছেন লিওনেল মেসির পাশাপাশি শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান ও টেলর সুইফটসহ দেশি-বিদেশি বহু তারকা।
অভিনয়জীবনের প্রায় এক দশকে নানা কারণে আলোচনায় থাকা পরীমনি এবার নতুন করে আলোচনায় এলেন সামাজিক যোগাযোগমাধ্যমের এই রেকর্ড দিয়ে। অন্যদিকে ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা ঘটনাতেও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।
সব মিলিয়ে ফেসবুক জনপ্রিয়তার দৌড়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাকিবকে এবার পেছনে ফেলে দিলেন পরীমনি। আর সেই সঙ্গে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষস্থানটিও এখন তার দখলে।
-টিএস