ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম
X

পর্দার সামনে কোটি কোটি ডলারের আয়োজন, বিশাল বাজেটের চ্যালেঞ্জ আর চমকে ভরা ভিডিও—ইউটিউব দুনিয়ায় যার উপস্থিতি মানেই যেন বড় কোনো আয়োজন। তবে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সেই জাঁকজমক থেকে সম্পূর্ণ দূরে থাকলেন বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত।

সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন ২৮ বছর বয়সী এই ইউটিউবার। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে সুখবরটি জানান তিনি। ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।’

ভিডিওতে কোটি কোটি দর্শকের জন্য চোখধাঁধানো আয়োজন করলেও নিজের বিয়েতে কোনো বাড়তি আড়ম্বর চাননি এই তারকা। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিছু প্রিয়জনের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের পোশাকেও ছিল সৌন্দর্য ও রুচির ছোঁয়া। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল এবং লেসের সূক্ষ্ম নকশা করা একটি মনোমুগ্ধকর গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের সাজ ছিল ক্লাসিক—ধবধবে সাদা টুক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও বো-টাইয়ে দেখা গেছে তাকে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই জুটি। বিয়ের প্রস্তাব দেওয়ার প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পিপল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি জানিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো সুপার বোউলের মতো বড় কোনো পাবলিক ইভেন্টে জাঁকজমকপূর্ণভাবে প্রস্তাব দেবেন। কিন্তু তার ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন—একটি ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্ত হিসেবে স্মরণীয় করে রাখা।

জিমি ও থিয়ার প্রেমের গল্পের শুরু দক্ষিণ আফ্রিকায়। এক সাধারণ বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়াকে বার্তা পাঠান মিস্টার বিস্ট। থিয়ার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ থেকেই শুরু হয় তাদের কথোপকথন, যা ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর জিমি বিয়ের প্রস্তাব দেন। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার জন্য কিছুটা সময় নেন।

বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে থিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, আমরা মানসিকভাবে আগেই বিবাহিত। আমরা ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সে কীভাবে একসঙ্গে থাকব—এসব নিয়েও কথা বলি। এই আনুষ্ঠানিকতা আমাদের সম্পর্কের আরেকটি ধাপ মাত্র।’

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝