দীর্ঘ সাড়ে সাত মাসেরও বেশি সময় ঝুলন্ত জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার মেগাস্টার থালাপাতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’।
রাজনীতিতে পূর্ণাঙ্গ পদার্পণের আগে বিজয়ের রূপালী পর্দার শেষ কাজ হওয়ায় সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে ভক্ত-অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে। কেভিএন প্রোডাকশন্সের ব্যানারে প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে তৈরি এইচ. বিনোথ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে গত ৯ জানুয়ারি নির্ধারিত তারিখে সিনেমাটির মুক্তি থমকে গিয়েছিল। অবশেষে সম্প্রতি সিবিএফসি থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) ক্যাটাগরির ছাড়পত্র পাওয়ার পর গত ২৩ জুলাই সিনেমাটি বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পায়।
ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি বর্তমানে নেটদুনিয়ায় জোর আলোচনায় উঠে এসেছে সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিকের অঙ্ক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ক্যারিয়ারের বিদায়ী চলচ্চিত্রের জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন বিজয়। সিনেমাটির জন্য তিনি ২২০ থেকে ২৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০-৩৫০ কোটি টাকা) হাঁকিয়েছেন, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সর্বোচ্চ।
বিজয়ের পাশাপাশি পর্দার পেছনের কারিগররাও মোটা অঙ্কের অর্থ পেয়েছেন। ছবির পরিচালক এইচ. বিনোথ পেয়েছেন ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকা), যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। অন্যদিকে ‘লিও’ ও ‘জেলার’ খ্যাত সফল সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এই সিনেমার সুর ও আবহের জন্য নিয়েছেন ১৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা)।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করা তারকাদের পারিশ্রমিকও চোখ কপালে তোলার মতো। বিজয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করা পূজা হেগড়ে পেয়েছেন ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকা)।
'অ্যানিম্যাল' সিনেমার পর দক্ষিণী বড় বাজেটের ছবিতে চাহিদার শীর্ষে থাকা বলিউড তারকা ববি দেওল প্রধান খলনায়কের চরিত্রের জন্য নিয়েছেন ৫ থেকে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬-১২ কোটি টাকা)। এছাড়া ভারতীয় সিনেমার প্রভাবশালী অভিনেতা প্রকাশ রাজ ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা), প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) এবং নারাইন ২ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
তরুণ অভিনেত্রী মামিতা বাইজুর পারিশ্রমিক নিয়ে ৬০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে ভিন্ন ভিন্ন তথ্য দেখা গেছে। তবে পারিশ্রমিকের এসব তথ্য বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পেলেও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
এসএ