টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও পানিতে ডুবে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনের ওপর প্রায় চার ইঞ্চি পানি উঠে যায়। ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য সেতুতে দর্শনার্থীদের চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশছে। এর সঙ্গে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল যুক্ত হওয়ায় কয়েক দিন ধরে হ্রদের পানি ক্রমাগত বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে যায়।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বাড়ার কারণে শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় চার ইঞ্চি পানি উঠে যায়। দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে। পানি কমে গেলে পরিস্থিতি বিবেচনা করে আবারও সেতুটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাঁধের জলকপাট খোলা হলো।
শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।
এসআই/আরএন