একসঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া ও আজমেরী হক বাঁধন। ‘লজ্জা’ নামের সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।
গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
‘লজ্জা’ সিনেমায় নুসরাত ফারিয়া ও বাঁধনের চরিত্র কেমন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন, এটি একটি সামাজিক সচেতনতামূলক সিনেমা।
বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘খুফিয়া’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। অন্যদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে। অক্টোবর মাসে আইস্ক্রিনে ‘লাপাত্তা’ মুক্তির পরিকল্পনা রয়েছে।
এফএস