ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সংসদে সুলতান সালাউদ্দিন টুকু
আগামী দিনে ১৫ লাখ টনের বেশি সার উদ্বৃত্ত থাকবে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় আগামী দিনে ১৫ লাখ টনেরও বেশি সার উদ্বৃত্ত সংরক্ষিত থাকবে বলে জাতীয় সংসদে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সাবেক ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা দেশে সারের কৃত্রিম সংকট তৈরির যে অশুভ ষড়যন্ত্র চালাচ্ছে, বিরোধী দলগুলোর সেই চক্রান্ত ও ফাঁদে পা দেওয়া সমীচীন হবে না।


বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত দেশজুড়ে সারের ঘাটতি, কৃষিকাজে বিঘ্ন এবং সম্ভাব্য খাদ্য সংকটের ঝুঁকি নিরসন সংক্রান্ত এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেন।


নতুন সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন উল্লেখ করে প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে, সারা দেশে শূন্য পদে নতুন ডিলার নিয়োগের যে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তার আবেদনের সময়সীমা এখনও অতিক্রম করেনি। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন ও চূড়ান্ত তালিকা তৈরির আগেই বিরোধী দলের পক্ষ থেকে অনিয়মের কথা বলাকে তিনি নেহাত কল্পনাবিলাস হিসেবে অভিহিত করেন। বিতরণ শৃঙ্খল জোরদার করতে সরকার দেশে প্রায় ৮ হাজার নতুন ডিলার নিয়োগ দেবে, যাদের অধীনে আরও ১৬ হাজার খুচরা ডিলার যুক্ত হবেন। বর্তমানে সক্রিয় ৩১ হাজারেরও বেশি ডিলারের সাথে এরা যুক্ত হলে মাঠপর্যায়ে কোনো ধরনের সরবরাহ ঘাটতি থাকবে না।


কৃষি খাতে সারের যোগান ও ব্যবহারের হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, রবি মৌসুমসহ আসন্ন চাহিদা মেটাতে দেশে মোট সারের প্রয়োজন হবে ৩৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন। বিপরীতে সরকারের কাছে ইতোমধ্যেই ৫১ লাখ ৭১ হাজার মেট্রিক টন সারের সুনির্দিষ্ট উৎস ও জোগান নিশ্চিত রয়েছে, যা মোট চাহিদার চেয়েও ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি। তাছাড়া বর্তমানে চলমান আমন মৌসুমে ধানের গাছে শিষ বের হওয়ার সময় পার হওয়ায় নতুন করে সারের চাহিদা কম, ফলে কৃষক মূলত ভবিষ্যৎ রবি মৌসুমের প্রস্তুতির জন্য এখন সার সংগ্রহ করছেন।


মাঠপর্যায়ে সুষ্ঠু বিতরণ ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনিক তৎপরতার তথ্য দিয়ে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে দেশের ৬৪টি জেলায় পৃথক ৬৪টি বিশেষ মনিটরিং সেল দিনরাত কাজ করছে। অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে ৫ জন ডিলারের লাইসেন্স সরাসরি বাতিল করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া ঐতিহাসিক 'কৃষক কার্ড' ব্যবস্থার কারণে সারের অপচয় রোধ হবে এবং সুনির্দিষ্ট জমির হিসাব অনুযায়ী কৃষক সরাসরি তার ন্যায্য সার সংগ্রহ করতে পারবেন।


সংসদে রাজনৈতিক পরিবেশ ও সার্বিক জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু জোর দিয়ে বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলুমের শিকার গণতান্ত্রিক মানুষের প্রতিনিধিত্বকারী এক বিশেষ মজলুমদের সংসদ। দেশকে এগিয়ে নিতে এবং দেশে আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে বিরোধী দলকে ইতিবাচক ভূমিকা রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement