মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তি যথেষ্ট নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “সকলকে সম্পৃক্ত করে আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন—সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।”
তিনি বলেন, কেবল আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এএ/এসআর