চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গার বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে মোহা. নেজাম উদ্দিন (৪৫) নামের বড় ভাই খুন হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার শাকপুরার ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
নিহত নেজাম উদ্দিন উপজেলার ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি লালার হাট এলাকায় মুদির দোকানদার।
স্থানীয়রা জানান, বিকেলে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মোহা. নেজাম উদ্দিনের সাথে তর্কবিতর্ক লাগে তার ছোট ভাই সুমনের। তর্কের একপর্যায়ে ছোট ভাই সুমন অতর্কিত হামলা চালিয়ে মাথায় আঘাত করলে বড় ভাই নেজাম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ছোট ভাই সুমন পালিয়ে যায়। অচেতন অবস্থায় স্বজনরা নেজামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, বিকেল ৫টার দিকে নেজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছিলো। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতাল থেকে নেজাম উদ্দিন মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একে/ এসআর