চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৩শ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুনশীরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, হালদা নদীর রামদাস মুনশীরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় নদীর বিভিন্ন স্থান থেকে ৭টি অবৈধ চরগেরা জাল, ২টি ভাসা জাল ও ৩টি বরশি জব্দ করা হয়। জব্দ করা অবৈধ জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩শ মিটার। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার টাকা। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র এবং মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় হালদা নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জাল থেকে মিঠাপানির প্রজনন ক্ষেত্র সংরক্ষণে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এসআই হাবিবুর রহমান, এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা এবং হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, আদিল ও আলমগীর সহযোগিতা করেন।
ইউএন/আরএন