ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক টহল ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ছয়জন নারী ও এক ছেলে শিশুসহ মোট সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য জড়ো হওয়ার খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। একপর্যায়ে ওই ব্যক্তিরা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যান।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এমএটিবি/এসআর