ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নামাজের ঘরে ঝুলছিল ব্যাংকারের মরদেহ, ঋণ-বদলি-মামলার চিরকুট
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরে বাসা থেকে জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে খোরশেদবাগ আবাসিক এলাকার ইম্পিরিয়াল আরকিট ভবনের ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী শারমিন আক্তার (৩৯) এ ঘটনায় হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে আনুমানিক রাত ১টার দিকে আবুল হোসাইন ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন শারমিন। নামাজের নির্ধারিত কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পান তিনি।

পরে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করে স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে বড় ছেলে আদিব হোসাইন (১২) এবং পরে শারমিনের বোন সুরাইয়া আক্তার সেখানে আসেন। তারা গলায় প্যাঁচানো চাদর কেটে আবুল হোসাইনকে নিচে নামান।

পরে শারমিনের বোনের জামাই মো. শাহাজালাল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে গত কয়েক মাসের মানসিক ও আর্থিক চাপের কথা উল্লেখ করেছেন আবুল হোসাইন। বিশেষ করে ‘মোহাম্মদপুর জিবি শাখার’ দায়িত্ব নেওয়ার পর ঋণ দেওয়া-না দেওয়া, বদলি ও অন্যান্য বিষয় নিয়ে পেশাগত চাপের কথা তিনি উল্লেখ করেন।

চিরকুটে বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাওনা টাকা না পাওয়ায় আর্থিক সংকটে থাকার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ২০২১ সালের একটি চেকসংক্রান্ত ঘটনায় লালদিঘী শাখার তৎকালীন ব্যবস্থাপক হিসেবে তার ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি সিআর মামলা হওয়ার বিষয়টি লেখেন তিনি। বিষয়টি দুই সপ্তাহ আগে জানতে পেরেছিলেন এবং এ নিয়ে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে ঘুমাতে পারছিলেন না বলেও চিরকুটে উল্লেখ করেন।

চিরকুটের শেষ দিকে পরিবারের সদস্যদের দেখে রাখার আকুতি জানিয়ে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লেখা হয়েছে বলে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement