আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, ছয় মাসে সরকার সব ধরনের সমস্যা নিরসনে কাজ করছে। রাষ্ট্র ব্যবস্থায় ধরা পচনের চিকিৎসা করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মাদকের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের বয়স ছয় মাস। এ সরকারকে আবর্জনা পরিষ্কার করার জন্য সময় দিতে হবে। তবে রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে, সে পচনকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছয় মাসে সাংস্কৃতিক পরিবর্তন আনা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।’
খুলনার রুপসা ঘাটের বিষয়ে মন্ত্রী বলেন, রুপসা ঘাটে মানুষের সঙ্গে পণ্য গেলে বাড়তি অর্থ দেওয়া লাগে। এটা বন্ধ করার জন্য জেলা প্রশাসনকে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দেন তিনি।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
টিআইএস