জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে দোকানের মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নজরুল ইসলাম হল সংলগ্ন এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।
কাজী নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত ছয়টি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। নজরুল হলের সামনে দোকানগুলো অবস্থিত হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা এর নিয়ন্ত্রণ দাবি করেন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরাও মালিকানা ছাড়তে অস্বীকৃতি জানালে দুই পক্ষের উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, সংঘর্ষের পর নয়জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন।
এ বিষয়ে চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. রিজওয়ানুর রহমান জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সাভারের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকিরা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
আহত শিক্ষার্থীরা হলেন— আলী আরাফাত (পাবলিক হেলথ, ৫৩তম ব্যাচ), আদনান আল মাহাদী (অর্থনীতি, ৫২তম ব্যাচ), রেদোয়ান (ভূগোল, ৫২তম ব্যাচ), এস এম শিমুল (জার্নালিজম, ৫২তম ব্যাচ), কাজী রোকনুজ্জামান (আইন ও বিচার, ৫৫তম ব্যাচ), রোহান (পরিবেশ বিজ্ঞান, ৫২তম ব্যাচ), স্বাধীন (পরিবেশ বিজ্ঞান, ৫৫তম ব্যাচ), রাবিদ (অর্থনীতি, ৫২তম ব্যাচ) এবং আরাফাত (বিএমবি, ৫৫তম ব্যাচ)।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার বলেন, দুই হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হয় এবং শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, আবারও সংঘাত এড়াতে দুই হলের শিক্ষার্থী ও হল প্রশাসনকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এসএস