ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা।
রোববার (১৯ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বাহিনী দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ভাষ্য অনুযায়ী, দেশটির পারমাণবিক অবকাঠামোর ওপর এটি সাম্প্রতিক সময়ের সর্বশেষ হামলা।
তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানের পরমাণু শক্তি সংস্থা।
এদিকে, ইরানের এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় হামলার এ অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
উল্লেখ্য, দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পগুলোর একটি। কেন্দ্রটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
সূত্র: আল জাজিরা, এএফপি।