ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২১ অক্টোবর) শহরটির বদর সামরিক ক্যাম্পে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথিরা।
আলজাজিরার এক সাংবাদিক ও পুলিশের এক কর্মকর্তা বিস্ফোরণের শব্দ শোনার তথ্য জানিয়েছেন। পুলিশের ওই কর্মকর্তা বলেন, এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে।
আলজাজিরার সাংবাদিক মাহা আলী জানিয়েছেন, হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাঁদের লক্ষ্য ছিল বদর ক্যাম্পে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান পরিচালনাকক্ষ। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এডেন। রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে থাকায় সরকার শহরটিকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।
সূত্র: আলজাজিরা