ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত তা শুরু হয়নি।
এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। পাশাপাশি ট্রেনটির শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার বিকেল ৬টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় ট্রেনটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে।
ইঞ্জিন কখন সচল হবে এবং ট্রেনটির যাত্রা কখন শুরু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পার হলেও ট্রেনটি ছেড়ে না যাওয়ায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিলম্বের প্রভাব ট্রেনটির পরবর্তী শিডিউলেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএস