সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির একাধিক রুটে ফ্লাইট পুনরায় চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এরই অংশ হিসেবে বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু হয়েছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটেও ফ্লাইট পরিচালনা শুরু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দাম্মাম রুটে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট পরিচালিত হবে।
অন্যদিকে, মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ রুটের ফ্লাইট সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এসএস