ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিবন্ধন স্থগিত, স্থানীয় নির্বাচনে আ.লীগের পথ কোন দিকে?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম
X

দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের মধ্যে থাকা আওয়ামী লীগের সামনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। প্রায় দুই বছর ধরে দলটির সাংগঠনিক কার্যক্রম অনেকটাই সীমিত। দলটির সভাপতি ও শীর্ষ পর্যায়ের অনেক নেতা দেশের বাইরে অবস্থান করছেন, অনেকে রয়েছেন কারাগারে। বিপুলসংখ্যক নেতাকর্মীও বর্তমানে সক্রিয় রাজনীতির বাইরে রয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার সামনে আসছে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে আলোচনা রয়েছে।

তবে তাদের এই প্রচেষ্টার পথে নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। দলটি নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন দিয়ে দাবি জানিয়েছে, নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের কোনো নেতা বা সমর্থক যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পান।

জামায়াতের পক্ষ থেকে ইসিতে দেওয়া আবেদনে বলা হয়েছে, নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া আইন ও বিদ্যমান বিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও একই নীতি বজায় রাখার দাবি জানিয়েছে দলটি।

জামায়াত নেতারা বলছেন, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর দলটি বর্তমানে নির্বাচন কমিশনের সক্রিয় নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় নেই। ফলে দলীয় প্রতীক নিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আইনি জটিলতার মধ্যে রয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নিবন্ধন পুনর্বহাল না হলে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া কঠিন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনেও একই আইনি প্রশ্ন সামনে আসতে পারে।

সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন যদি জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইনি অবস্থান বহাল রাখে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তবে বিশ্লেষকদের একটি অংশের মতে, দলীয়ভাবে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের সমর্থিত বা সাবেক নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। এ বিষয়ে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন সময়ে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। কমিশন জামায়াতের আবেদন, বিদ্যমান আইন, আদালতের নির্দেশনা এবং আওয়ামী লীগের নিবন্ধনসংক্রান্ত পরিস্থিতি বিবেচনা করে কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবিত আচরণবিধিমালার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠন থেকে পাওয়া সুপারিশ যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় এসব সুপারিশ উপস্থাপন করা হবে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝