প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ হয়েছে। এ স্বল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের দিন এবং প্রতিটি মুহূর্ত দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে।
তিনি জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়সাশ্রয় এবং দুর্নীতিমুক্ত পর্যালোচনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও শিক্ষাখাত পুনর্গঠনের কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সরকারের পাঁচ মাসের কার্যক্রমে প্রায় সব মন্ত্রণালয়েই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অর্জনকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার ও চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই সরকারের ভবিষ্যৎ পথচলার সবচেয়ে বড় প্রেরণা এবং জনগণই সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী।
মাহদী আমিন বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের দায়িত্ব জনগণের ম্যান্ডেট নিয়ে গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই তিনি জনগণের আস্থা অর্জন করেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে সরকার। এর মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে মাহদী আমিন বলেন, দুই বছর আগে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয় এবং সেই আন্দোলনের ফলেই ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। পরে গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
তিনি বলেন, গত ১৬ বছরে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা, মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ছিল বিএনপি। এ সময় তিনি জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম. ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির ও আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেবি/এসআর