ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্ত্রীর বেতনের টাকা নিয়ে বিরোধ: দুই সন্তানের সামনেই স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:০৭ পিএম
X

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে দুই শিশু সন্তানের সামনে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।

তিনি জানান, গত ১৩ জুলাই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। দুই সন্তানকে নিয়ে তারা শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

র‍্যাব জানায়, স্বজনদের ভাষ্য অনুযায়ী ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার জন্য নিয়মিত স্ত্রীর কাছে টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো অস্ত্র দিয়ে নাসিমাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সময় দম্পতির ৮ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে ঘরেই ছিল। তাদের সামনেই এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১-এর অধিনায়ক আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ছায়েদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম চৌধুরী। তবে তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি নিয়মিত মাদকাসক্ত ছিলেন এবং স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করতেন।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝