সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, প্রয়াত রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র কোরআন তেলাওয়াত ও হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে।
এ ছাড়া বেলা ১১টায় রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে অবস্থিত এরশাদের সমাধিতে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নেও কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালের ১৪ জুলাই ৯০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে রংপুরের পল্লী নিবাসে দাফন করা হয়।
-টিএস