ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফাইনালের মাঠের ঘাস বিক্রি করে কোটি ডলার আয়ের পরিকল্পনা ফিফার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম
X

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই ইতিহাসের জন্ম, কোটি কোটি দর্শকের আবেগ আর নতুন কোনো চ্যাম্পিয়নের উল্লাস। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি এবার ঘরে তুলে রাখার সুযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে। সেই ম্যাচের মাঠের ছোট ছোট টুকরা ঘাস সংগ্রহযোগ্য স্মারক হিসেবে অনলাইনে বিক্রি শুরু করেছে ফিফা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের পর এসব স্মারক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফিফার তথ্য অনুযায়ী, মাঠের ঘাস বিশেষ স্বচ্ছ রেজিনের আবরণে সংরক্ষণ করা হয়েছে, যাতে এটি দীর্ঘদিন অক্ষত থাকে। প্রতিটি ঘাসের টুকরার দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে আপাতত এই স্মারক শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।

অ্যাক্রিলিকের তৈরি স্মারকটির গায়ে খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ফাইনালের ভেন্যু, ম্যাচের তারিখ এবং চূড়ান্ত ফলাফল। পাশাপাশি একটি ইউএসবি ড্রাইভ দেওয়া হবে, যেখানে থাকবে ঘাসটির আসল হওয়ার ডিজিটাল সনদ (অথেনটিসিটি ফিল্ম)।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’ স্মারকগুলো তৈরি করছে। তাদের ওয়েবসাইটে আরও তিনটি প্রিমিয়াম সংস্করণ পাওয়া যাচ্ছে, যার মূল্য যথাক্রমে ৯০০, ১২০০ ও ৩ হাজার মার্কিন ডলার। প্রতিটি সংস্করণের জন্য মাত্র ২ হাজার ২৬টি করে ইউনিট তৈরি করা হয়েছে। সবগুলো বিক্রি হলে ফিফার সম্ভাব্য আয় হবে ১ কোটি ১২ লাখ মার্কিন ডলারেরও বেশি।

দামের সঙ্গে স্মারকের প্যাকেজিং ও উপহারের তালিকাও পরিবর্তিত হবে। প্রথম তিনটি সংস্করণে থাকবে ২.৫×২.৫×২.৫ ইঞ্চি আকারের ঘাসের টুকরা। আর ৩ হাজার ডলারের ‘হিরো এডিশন’-এ থাকবে ৩×৩×৩ ইঞ্চি আকারের ঘাস, সোনায় খোদাই করা একটি ধাতব স্মারক টিকিট, ফাইনাল ম্যাচের বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং ক্রিস্টাল কাট কাচে তৈরি বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা।

তবে যে মাঠের ঘাস এত উচ্চমূল্যে বিক্রি হচ্ছে, সেটির মান নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। গত মাসে প্রকাশিত দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের ঘাস উত্তর ক্যারোলাইনার একটি খামার থেকে এনে মে মাসের শুরুতে বসানো হয়েছিল। টুর্নামেন্টের আগের ম্যাচগুলো শেষে ব্রাজিল ও ফ্রান্সের কয়েকজন খেলোয়াড় মাঠটিকে অতিরিক্ত শুষ্ক উল্লেখ করে এর সমালোচনা করেন। তাঁদের দাবি, এমন মাঠে স্বাভাবিক ছন্দে খেলা কঠিন।

এটি অবশ্য ফিফার একমাত্র বিলাসবহুল স্মারক নয়। এর আগে গত মে মাসে প্রতিটি আয়োজক শহরের জন্য সীমিত সংস্করণের জার্সি বাজারে আনে সংস্থাটি। ৩৭৫ মার্কিন ডলার মূল্যের ওই জার্সিগুলোর প্রতিটি শহরের জন্য মাত্র ৯৯৯টি করে তৈরি করা হয়েছিল। সেগুলো এখনো ফিফার ওয়েবসাইটে বিক্রির জন্য রয়েছে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝