ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘হ্যান্ড অব গড’-এর মাঠে ইতিহাস বদলাতে চান টুখেল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম
X
Advertisement

চার দশক আগে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের কারণে ১৯৮৬ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। ৪০ বছর পর সেই ঐতিহাসিক ভেন্যুতেই আবার মাঠে নামছে থ্রি লায়ন্সরা। এবার লক্ষ্য, অতীতের সেই তিক্ত স্মৃতি পেছনে ফেলে নতুন ইতিহাস গড়া।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আগামী সোমবার ভোর ৬টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত স্টেডিয়াম আজতেকায়।

এই মাঠেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড। সে ম্যাচে ম্যারাডোনা প্রথমে হাত দিয়ে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। পরে মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে পাঁচজনকে কাটিয়ে করেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল। ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল বলেন, সেই ম্যাচের স্মৃতি আজও তার মনে গেঁথে আছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই ম্যারাডোনার সেই ম্যাচটি আমার মনে আছে। তিনি দুটি গোল করেছিলেন। একটি অসাধারণ ড্রিবলিংয়ের, আর অন্যটি এমন একটি গোল, যা আজকের দিনে হলে কখনোই বৈধ হিসেবে গণ্য হতো না।’

টুখেলের মতে, আসন্ন ম্যাচটি শুধু পরের রাউন্ডে ওঠার লড়াই নয়, বরং ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের প্রতীকী জবাব দেওয়ার সুযোগ।

তিনি বলেন, ‘আমরা এর প্রতিদান পাব। কর্মফল আমাদের পক্ষেই ফিরবে। আমরা ইতিহাস বদলে দেব।’

আজতেকা স্টেডিয়ামের পরিবেশের স্মৃতিচারণ করে টুখেল বলেন, ছোটবেলায় টেলিভিশনে দেখা সেই বিশ্বকাপের প্রতিটি দৃশ্য এখনও তার মনে রয়েছে। বিশেষ করে স্টেডিয়ামের আবহ, দর্শকদের উন্মাদনা এবং সেই ঐতিহাসিক ফাইনালের স্মৃতি আজও তাকে নাড়া দেয়।

শেষে তিনি বলেন, ‘মেক্সিকোর মাটিতে মেক্সিকোর বিপক্ষে খেলাটা বিশেষ এক অভিজ্ঞতা। আমরা শুধু একটি দলের বিপক্ষে নয়, পুরো দেশের সমর্থনের বিপক্ষেও খেলতে নামব।’


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement