ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:১৩ পিএম
X
Advertisement

সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সরকার নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র।

বুধবার (১ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের শাহাপুর বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কুশল সরকার ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার বাবা, স্কুলশিক্ষক কানাইলাল সরকার গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, তালা উপজেলার নলতা গ্রামের কানাইলাল সরকার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ডুমুরিয়া উপজেলার চুকনগরে বসবাস করছিলেন। সেখান থেকে প্রতিদিন তিনি মোটরসাইকেলে করে স্ত্রী মৌমিতা সরকারকে তালা উপজেলার হাতবাস গ্রামের একটি বিদ্যালয়ে পৌঁছে দিতেন। পরে ছেলে কুশল সরকারকে তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয়ে নামিয়ে দিয়ে নিজ কর্মস্থল রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে যেতেন। কানাইলাল সরকার ওই বিদ্যালয়ের একজন শিক্ষক।

প্রতিদিনের মতো বুধবার সকালেও কানাইলাল সরকার চুকনগরের বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে রওনা হন। স্ত্রীকে হাতবাসের বিদ্যালয়ে নামিয়ে দিয়ে ছেলে কুশলকে নিয়ে তালার দিকে আসছিলেন। পথিমধ্যে শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসা কুশল সরকার ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটি আটক করেন এবং আহত শিক্ষক কানাইলাল সরকারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পরপরই তালা থানা-পুলিশ ও তালা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কুশল সরকারের মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক বাসটি জব্দ করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমজেডআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement