📍 ঢাকা 📅 রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:০৯ পিএম
X Advertisement

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সড়কের পাশে সাদা-কালো রঙের আরবি লেখাসংবলিত পতাকা টাঙানোকে কেন্দ্র করে জনমনে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। এসব পতাকা কারা লাগাচ্ছে বা এর উদ্দেশ্য কী—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় থেকে তাজমহল রোড হয়ে জেনেভা ক্যাম্প, গাবতলী, মিরপুর, যাত্রাবাড়ী ও শনির আখড়া পর্যন্ত বিভিন্ন সড়কে এমন পতাকা উড়তে দেখা গেছে। একই ধরনের দৃশ্য নারায়ণগঞ্জ, ফেনী, চট্টগ্রামসহ ঢাকার বাইরের বিভিন্ন সড়ক ও ফ্লাইওভারেও লক্ষ্য করা গেছে।

শনিবার (২৭ জুন) সকালে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় একাধিক দোকান ও ভবনের সামনে এসব পতাকা দেখা যায়। তবে স্থানীয় দোকানদার ও নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা কখন এসব পতাকা টাঙিয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে নতুন করে অবগত হয়েছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

শুধু সড়কে পতাকা টাঙানোই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পতাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কিছু স্থানে মোটরসাইকেল শোডাউনের সময়ও একই ধরনের পতাকা দেখা গেছে। গত শুক্রবার জুমার নামাজের পর কাকরাইল মসজিদসংলগ্ন সড়কে এমন একটি শোডাউনের ঘটনাও ঘটেছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকার ওভারপাস ও আশপাশের সড়কেও একশটির বেশি একই ধরনের পতাকা টাঙানো হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে এসব পতাকা কারা স্থাপন করেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পতাকাগুলোর উদ্দেশ্য ও উৎস তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে চট্টগ্রামের হাটহাজারী, পাবনা ও যশোরসহ বিভিন্ন জেলায়ও একই ধরনের পতাকা ও প্রতিবাদ মিছিলের খবর পাওয়া গেছে। প্রশাসন বলছে, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: [email protected] [email protected]
🔝