ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম
X
Advertisement

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল নয়, বরং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে অনেক সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন। হাসপাতালটি স্বল্প খরচে ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসাসেবা দিয়ে থাকে, সেটি সত্য। তবে কোনো প্রতিষ্ঠানে গুরুতর অবহেলার কারণে প্রাণহানি ঘটলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই হবে।

তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতি ছিল এবং কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় শিশুদের রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায়। ফলে তারা শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যায় বলে চিকিৎসকদের মতামত পাওয়া গেছে।

মন্ত্রী জানান, ঘটনার পরদিন তিনি নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাদের মতে, অবহেলা ও অক্সিজেনের স্বল্পতার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনার পর সরকার কোনোভাবেই নীরব থাকতে পারে না।

তিনি আরও বলেন, হাসপাতালটির মালিকপক্ষের অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক আদেশে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। ২৭ মে হাসপাতালের একটি ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাদের লিখিত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। তবে রোববার সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, লাইসেন্স বাতিল করা হয়নি, বরং তা স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার সব হাসপাতালের ক্ষেত্রেই একই নীতি অনুসরণ করবে এবং এ বিষয়কে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানান।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement