রাজধানীর সবুজবাগে একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের স্ত্রী।
রোববার (২৮ জুন) সকালে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদের বিপরীত পাশের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিরিছিল গ্রামের নুর ইসলামের মেয়ে। প্রায় ১৪ বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ১০ বছর বয়সী ছেলে আরাফাত ও সাত বছর বয়সী মেয়ে আফিয়া রয়েছে। ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করায় নিলুফার মেয়েকে নিয়ে দক্ষিণগাঁওয়ের ওই বাসায় থাকতেন।
পরিবারের সদস্যদের বরাতে সবুজবাগ থানার এসআই মোছা. ফাতেমা জানান, নিলুফার দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ছেলের পড়াশোনা, আর্থিক টানাপোড়েন ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এসআই ফাতেমা বলেন, সুরতহাল প্রতিবেদনে মরদেহে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-টিএস