২০২৬ বিশ্বকাপে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ার শক্তিশালী দল সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দের সামনে এবার অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন চ্যালেঞ্জ।
শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ।
ম্যাচের তৃতীয় মিনিটে সৌদি আরবের সৌদ আবদুলহামিদ এবং অষ্টম মিনিটে কেপ ভার্দের ওয়াগনার পিনা হলুদ কার্ড দেখেন। ৩২তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সৌদি ডিফেন্ডার হাসান আল তামবাক্তি, যা দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কান্নোর হেড দুর্দান্তভাবে রুখে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল দুই দল। ৪৭তম মিনিটে জামিরো মন্তেইরোর শট ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল শামাতের জোরালো শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন ভোজিনহা।
৭৪তম মিনিটে লারোস দুয়ার্তের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে সৌদির রক্ষাকর্তা হয়ে ওঠেন আল ওয়াইস। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) আবদুল্লাহ আল হামদ্দান সহজ সুযোগ হাতছাড়া করলে গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় ম্যাচ।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ার আনন্দে মেতে ওঠেন কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকেরা। তিন ম্যাচেই অপরাজিত থেকে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি।
একই গ্রুপের অন্য ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে কেপ ভার্দে। এবার নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।