ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি, সিলেট-রংপুরে বন্যার আভাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:২৮ পিএম
X
Advertisement

দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, সুরমা নদীর ছাতক ও সুনামগঞ্জ, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বর্তমানে সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রংপুর, সিলেট ও ঢাকা বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হওয়ায় উজানের ঢলের প্রভাবও বাড়ছে।

আবহাওয়া পূর্বাভাসে আগামী দুই দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পরবর্তী তিন দিনও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। তবে এ সময় নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে জানিয়েছে পাউবো।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে সিলেট বিভাগের খোয়াই ও খলাই নদীর পানিও বাড়তে পারে।

রংপুর বিভাগে ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই ও কংস নদীর পানিও বাড়ছে। ফলে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার কয়েকটি নদীতে পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে এবং কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেলেও গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি বর্তমানে কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement