মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলীগ জামায়াতে অংশ নেওয়া মুসল্লিদের বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহাদাৎ হোসেনকে স্থানীয়রা আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, 'ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এইচআই/এমএ