জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগরীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে এ কর্মসূচির গুরুত্ব পৌঁছে দিতে হবে।
তিনি হাম-রুবেলা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশের সাফল্যের উদাহরণ তুলে ধরে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনও সফল করতে হবে। হামে আক্রান্ত হয়ে এখনো শিশু মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কেসিসি প্রশাসক ওয়ার্ড পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দেন। পাশাপাশি একটি শিশুও যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানোর জন্য শিক্ষকদের এবং জুমার নামাজে মুসল্লিদের মাঝে প্রচারের জন্য ইমামদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ক্যাম্পেইন চলাকালে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এবং ইউনিসেফ খুলনার প্রধান মো. কাওছার আহমেদ।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আকিব উদ্দিন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, বানৌজা উপশমের পরিচালক সার্জন লে. কমান্ডার জেরিন আফরোজ, থানা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহানসহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও জোন ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
-টিএস