কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সারা দেশে পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতা’ অবলম্বনের পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে দলটির সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও ক্ষুব্ধ হতে পারেন।
এ অবস্থায় বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ লক্ষ্যে সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া গতকাল গণভবনের সামনে যুবলীগের নেতাকর্মীদের মিছিল করতেও দেখা যায়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।