রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
শনিবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। তিনি জানান, অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করা হয় এবং এর ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “ রাতের এই অভিযানের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি যে অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোনো সময় প্রশাসনের জালে ধরা পড়তে পারে। এতে সংশ্লিষ্টরা সতর্ক হবে। এখন থেকে নিয়মিতভাবে এ ধরনের আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, “আজকের অভিযানে কাউকে বালু উত্তোলনের সময় পাওয়া যায়নি। তবে কারও হেফাজতে অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
এসআই/আরএন