ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পুলিশের পোশাকে আবার পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:২৮ পিএম
X
Advertisement

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকে ফিরছে ‘গাঢ় নীল’ ও ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণ। এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। আর মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের। তবে এবার সব পুলিশ সদস্যের প্যান্টের রং হবে খাকি।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে বলা হয়েছে, নতুন এই পোশাক নীতির আওতামুক্ত থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব। এসব বাহিনীর পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের দাবি ওঠে। এর অংশ হিসেবে পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। পরে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর পুলিশের জন্য ‘আয়রন’ (লোহা) রঙের নতুন পোশাক নির্ধারণ করা হয় এবং গত বছরের ২৫ নভেম্বর থেকে মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেন।

তবে নতুন ওই পোশাক নিয়ে শুরু থেকেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটি নিয়ে সমালোচনা ও ট্রলের কারণে অস্বস্তি প্রকাশ করেন। তাদের অনেকে জানান, নতুন রঙের পোশাক দেখতে ভালো লাগছে না এবং এটি পুলিশের ঐতিহ্যগত পরিচয়ের সঙ্গে মানানসই নয়।

পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ২৪ ফেব্রুয়ারি পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নতুন পোশাক নির্ধারণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মতামত, আবহাওয়া ও গায়ের রঙের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের সঙ্গে মিল থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলেও তারা উল্লেখ করেন।

নতুন গেজেটের মাধ্যমে এবার পুলিশ আবারও গাঢ় নীল ও অলিভ রঙের পোশাকে ফিরছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement